দুমকিতে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দুমকিতে এক সংখ্যালঘু সম্প্রদায়ের একজন কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় থানা-পুলিশ উপজেলার রাজাখালী বাজার সংলগ্ন গ্রামের বাড়ি থেকে সুশান্ত মিস্ত্রির (৫০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সুশান্ত মিস্ত্রি পরিবারের সদস্যদের নিয়ে তার বসতঘরে ঘুমিয়ে থাকেন। ভোরে সুশান্তের স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিছানায় সুশান্ত মিস্ত্রিকে মৃত্যু অবস্থায় দেখতে পায়। মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।