কাপ্তাইয়ে হাতির আক্রমণে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

রাঙ্গামাটিতে ঘুরতে এসে বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তার নাম অভিষেক পাল (২১)। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই শহরের আসামবস্তি যাওয়ার পথে বন্যহাতির সামনে পড়লে হাতির আঘাতে প্রাণ যায় তার। নিহত অভিষেক ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।

তার মৃত্যুর মধ্য দিয়ে কাপ্তাইয়ের ওই সড়কটিতে গত পাঁচ দিনের ব্যবধানে হাতির আঘাতে দুজনের মৃত্যু হলো।

নিহত অভিষেকের বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সোবহান উদয় জানান, তারা ছয় বন্ধু গতকাল সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে সিএনজিচালিত অটোরিকশায় রাঙ্গামাটির উদ্দেশে রওনা হন। পথে সকাল ৯টার দিকে তাদের বাহনের সামনে দুটি হাতি এসে দাঁড়ায়। এ সময় অভিষেক ভয়ে বনের দিকে দৌড়ে পালানোর সময় তার পেছনে পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর অবস্থায় উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ হলেও পরিবার-পরিজন নিয়ে ফেনীর মাস্টারপাড়ায় বসবাস করেন বলে জানা গেছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক রনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অভিষেক পালের মৃত্যু হয়।’

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার জানান, এর আগে গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছিল। গতকাল আবার একই ধরনের ঘটনা ঘটল।

কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অভিষেক পালের মৃত্যুর ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।