কুমিল্লায় চলন্ত বাসে আগুনের ঘটনায় মামলা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলন্ত বাসে আগুন লেগে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। মামলায় বাস মালিক ও চালককে আসামি করে তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়।

এদিকে শুক্রবার সকালে আগুনে পুড়ে মারা যাওয়া বাসের যাত্রী দাউদকান্দির তিনপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৭০) ও বনুয়াকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাফিনের (৪) লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসটি গৌরীপুর এলাকার পেন্নাই ইদগা মোড়ে ইউটার্ন নিয়ে হাসপাতালের সামনে আসার পর বাসটির ভেতরে সামনের অংশে বিকট শব্দ হয়। এর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়। আতংকিত যাত্রীরা দ্রুত বা থেকে নামতে শুরু করেন। জানালা দিয়ে নামতে গিয়ে এবং আগুনে অন্তত ১৫ যাত্রী আহত হন।

আহত বাসযাত্রী মতলব উপজেলার নারায়নপুর গ্রামের সৈয়দ রাশেদ (৪০) জানান, বাসের মাঝখানে সিটে বসা ছিলাম, হঠাৎ বিকট শব্দ হওয়ার পর গরম ভাপ গায়ে লাগে। দাঁড়িয়ে দেখি সামনের অংশে আগুন। বাসে দুই পাশের সিটের মাঝখানে খালি জায়গায় মালামাল থাকায় জানালার কাচ ভেঙে বের হয়েছি।