পটিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পানওয়ালা পাড়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা আবুল কালাম নিহতের দুই দিন পর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম। এ মামলায় ৫-৭ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মামলা রেকর্ডভুক্ত হয়েছে বলে পটিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে।

তবে এ মামলায় কাদেরকে আসামি করা হয়েছে তা আসামি গ্রেপ্তারের স্বার্থে নাম প্রকাশ করছে না পটিয়া থানা-পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, কুসুমপুরা ইউনিয়নের পানওয়ালা পাড়ায় ছুরিকাঘাতে আবুল কালাম নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৫-৭ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। তবে  আসামিদের আটকের ব্যাপারে আমরা তাদের নাম উল্লেখ করতে পারছি না। আমরা ইতিমধ্যে খোঁজখবর নিতে শুরু করেছি, আসামিদের আটকের পর নাম প্রকাশ করবেন বলে জানান ওসি।

প্রসঙ্গত, ১০ মার্চ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পানওয়ালা পাড়ায় বসতভিটা নিয়ে পূর্বের বিরোধের জেরে চলাচলের রাস্তায় পান বিক্রেতা আবুল কালামের একটা পানের ঝুড়ি রাখাকে কেন্দ্র করে তার আপন বড় ভাই আবু মুছা ও তার ছেলে সৌরভের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা সৌরভ চাচা আবুল কালামের বুকে-পিটে ছুরিকাঘাত করে। এ সময় তার স্ত্রী ফাতেমা বেগম বাধা দিতে আসলে তাকেও ছুরিকাঘাত করে আবু মুছার পুরো পরিবার পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের (স্বামী-স্ত্রী) কে প্রতিবেশীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আবুল কালামকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। স্ত্রী ফাতেমা বেগমকে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি করা হয়।