কুমিল্লার দাউদকান্দিতে গ্রামীণ সড়ক নির্মাণকাজে বাধাদান ও বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামে নির্মাণাধীন সড়কের নির্মাণকাজে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধনে সোচ্চার হয়ে ওঠেন ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এক সময়ের জমিদার বংশের স্থানীয় প্রভাবশালী অমল পোদ্দার তার বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে রাখায় ১৫-২০টি পরিবারের চলাচলে অসুবিধা হয়। ভুক্তভোগী পরিবারগুলো দুই বছর আগে স্থানীয় চেয়ারম্যানের কাছে সড়কের আবেদন করে। মালিকানা জমি এবং সরকারি হালটে রাস্তা নির্মাণ করতে গিয়ে পাশের জমি থেকে মাটি কাটতে হয়। অন্যান্য জমির মালিকরা দিলেও রাস্তার শেষাংশে অমল পোদ্দার তার জমি থেকে মাটি কাটতে বাধা দেন।
অমল পোদ্দার বলেন, সরকারি হালট বা খালের ওপর দিয়ে রাস্তা করতে হলে আগে সীমানা নির্দিষ্ট করতে হবে। তা না হলে আমার জমির ওপর দিয়ে রাস্তা করতে দেব না। মারুকা ইউপি চেয়ারম্যান খলিল তালুকদার বলেন, একাধিক গ্রামের বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে রাস্তার কাজ শুরু করেছি। জনস্বার্থে কাউকে কিছু ছাড় দিতে হয়।