সুপ্রিম কোর্ট বার নির্বাচন

সভাপতি আ.লীগের মতিন, সম্পাদক বিএনপির কাজল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের (নীল প্যানেল) ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে আব্দুল মতিন খসরু পেয়েছেন ২৯৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ২১৩২। সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন ৩০৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েল পেয়েছেন ২২০৩ ভোট।

এছাড়া সহ-সভাপতির দুটি পদে অ্যাডভোকেট জালাল উদ্দিন (নীল প্যানেল) ও অ্যাডভোকেট সফিকুল্লাহ (সাদা প্যানেল), সহ-সম্পাদকের দুটি পদে অ্যাডভোকেট মাহমুদ হাসান (নীল প্যানেল) ও অ্যাডভোকেট সাফায়াত সুলতানা রুমী (সাদা প্যানেল) এবং ট্রেজারার পদে ড. ইকবাল করিম নির্বাচিত হয়েছেন।

নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর সর্বোচ্চ আদালতের আইনজীবীদের প্রতিনিধিত্ব করবে। ২০২১-২২ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গত বুধ ও বৃহস্পতিবার দুদিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ হয়। এতে ৫ হাজার ৬৭৬ আইনজীবী ভোট দেন। মোট ভোটার ছিলেন ৭ হাজার ৭২২ আইনজীবী। সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে ৫১ প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাইকোর্টের বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।

এবারের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৮টিতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সম্পাদকসহ ৬টিতে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম জয় পেয়েছে। গত নির্বাচনে সভাপতিসহ ৬টি পদে সরকার সমর্থক আইনজীবীরা এবং সম্পাদকসহ ৮টি পদে বিএনপির সমর্থক আইনজীবীরা জয়ী হয়েছিলেন।