নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ছয়জনের মধ্যে মিনহাজ (১৮ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল শিশু মিনহাজের মৃত্যুর তথ্য জানিয়ে বলেন, ‘গতকাল বেলা ১১টার দিকে আইসিইউতে ওই শিশুর মৃত্যু হয়েছে। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। নারায়ণগঞ্জের ওই ঘটনায় বর্তমানে মিতা ১৪, আফসানা ১০ ও সাব্বির ৪২ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এর আগে এ ঘটনায় শিশু মিনহাজের বাবা মিশাল (২৮) ও দূরসম্পর্কের ভাই মাহফুজুল ইসলাম (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গত সোমবার রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় একটি বাড়ির ছয়তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়। ওই রাতেই তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ মিশালের ছোট বোনজামাই মো. নাইম জানান, মিশাল, তার স্ত্রী ও তাদের দুই সন্তানসহ দগ্ধ ছয়জনই ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় একটি বাড়ির ছয়তলায় ভাড়া থাকে। বাসাটির নিচতলাতেই মিশালের একটি গেঞ্জির কারখানা রয়েছে। ঘটনার দিন রাতে তারা সবাই ঘুমিয়েছিল। রাত ১টার দিকে মিশাল মশার কয়েল জ¦ালাতে যায়। তখন লিকেজ থেকে রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়। এতে চারদিকে আগুন ছড়িয়ে পড়লে বাসায় থাকা ছয়জনই দগ্ধ হয়।