কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসানকে (২৬) ইয়াবাসহ আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে শহরের বাড়াদী খালপাড়া এলাকায় র্যাব-১২ সিপিসি-১এর আভিযানিক দলের সাদা পোশাকের সদস্যরা ক্রেতা সেজে ইয়ারা কেনাবেচারত মেহেদীকে এক সহযোগীসহ আটক করেন। এ সময় আটক মেহেদীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করেছে র্যাব।
আটক মেহেদী হাসান কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ও আ’লীগ নেতা মহিদুল ইসলামের ছেলে। মেহেদী হাসানের সহযোগী আটক রুবেল (২৯) একই এলাকার বাসিন্দা মৃত জিলাল হকের ছেলে।
র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার গাফ্ফারুজ্জামান জানান, জব্দকৃত ইয়াবাসহ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে তাদের।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার মেহেদীর বাবা মহিদুল ইসলাম বলেন, ‘ও ভাই, এটা ওই মেহেদীর মামাতো ভাই রিপনের কাছ থেকে কিছু বড়ি কাইড়ি লিয়ে খায়ে ফেলিছিলি, ট্যাকা না পায়ে রিপন র্যাবকে দিয়ে ধরায়ে দেছে’।
মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে রিপনই আসল মাদক ব্যবসায়ী বলে দাবি করেন কাউন্সিলর মহিদুল ইসলাম।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় এসব প্রভবশালীদের দাপটে দেদারসে মাদক কেনাবেচা-সেবন সবকিছুই চলছে প্রকাশ্যে। কারো কিছু বলা বা বাধা দেয়ার সাহস নেই।