বিদেশি উদ্যোক্তাদের ব্যাংক হিসাব খোলার নীতিমালা শিথিল

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়াতে বিদেশি উদ্যোক্তাদের ব্যাংক হিসাব খোলার নীতিমালা শিথিল করা হয়েছে। ফলে এখন থেকে বিদেশি উদ্যোক্তারা বিদেশে থেকেই অনলাইনে বাংলাদেশের যেকোনো বাণিজ্যিক ব্যাংকে হিসাব খুলতে পারবেন। তবে হিসাবে লেনদেন করার সময় কেওয়াইসি (গ্রাহক সম্পর্কে জানা) নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে গত ১১ মার্চের উল্লেখ করে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এটি বাংলাদেশ ওয়ান স্টপ সার্ভিস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, বিদেশি উদ্যোক্তাদের দেশে বিনিয়োগ করতে হলে আগে একটি ব্যাংক হিসাব খুলতে হয়। বিদেশ থেকে এটি খোলা আগে সম্ভব হতো না। কারণ অনলাইনে হিসাব খোলার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করতে হয়। বিদেশিদের এটি নেই বলে তারা অনলাইনে হিসাব খুলতে পারেন না। নীতিমালা শিথিল করার কারণে এখন খুলতে পারবেন। কারণ, তাদেরকে পাসপোর্ট বা অন্যান্য কাগজপত্র অনলাইনে ব্যাংকগুলোর কাছে পাঠাতে হবে।

সার্কুলারে বলা হয়, যেকোনো ব্যাংকের ওয়েব পেজে গিয়ে বা বাংলাদেশ ওয়ান স্টপ সার্ভিস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ওয়েব পেজে গিয়ে হিসাব খোলা যাবে। এক্ষেত্রে গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে ব্যাংকের কাছে পাঠাতে হবে। এগুলো ব্যাংকগুলোকে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে গ্রাহকের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপির অনুলিপি সংগ্রহ করতে হবে।

এতে আরও বলা হয়, গ্রাহককে ব্যাংক হিসাবে লেনদেন করতে হলে কেওয়াইসি বা লেনদেন বিবরণীর নির্দেশনা পরিপালন করতে হবে। অনলাইনে সেগুলো দিতে হবে। এক্ষেত্রে গ্রাহকের হিসাব পরিচালনার ক্ষেত্রে গ্রাহক বা হিসাব পরিচালনাকারীর নমুনা স্বাক্ষর অনলাইনে ভেরিফায়েড চ্যানেলের মাধ্যমে গ্রহণ করা যাবে। আগের নিয়মে গ্রাহকের নমুনা স্বাক্ষর ব্যাংক কর্মকর্তার সামনে বসে নিশ্চিত করতো হতো।