কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী প্র্রতি ইঞ্চি জমিকে চাষের আওতায় আনতে সম্প্রতি ৪৩৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় বাড়ির আঙিনা ও অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টিবাগান হবে। এতে খাদ্য উৎপাদন বাড়বে।
ড. আবদুর রাজ্জাক গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কৃষিবিদ সমিতির বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
নতুন জাতের ফসলের বীজ উৎপাদন ও বিতরণে আরও শক্তিশালী ভূমিকা রাখতে বিএডিসির কর্মকর্তাদের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশে বীজ, সার, সেচসহ কৃষি উপকরণের প্রাপ্তি ও বিতরণে বিএডিসির ব্যাপক ভূমিকা রয়েছে। আমাদের গবেষক ও বিজ্ঞানীরা ইতিমধ্যে ফসলের অনেক উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করেছেন। দ্রুত এসব জাতের বীজের উৎপাদন ও কৃষক পর্যায়ে বিতরণ করতে হবে।