লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সভায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সভায় দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ফয়জুল্লাহ শিপন, সাংবাদিক জিহাদ হোসেনসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুরে জেলা শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই রেস্তোরাঁর কাচ ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভা উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় নেতারা শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় সমবেত হন।

এ সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দলীয় বিরোধের জেরে কেন্দ্রীয় সদস্য রায়পুর আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ফয়েজুল্লাহ শিপনের অনুসারীরা সভাস্থলে হট্টগোলের সৃষ্টি করে। তখন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও লক্ষ্মীপুর-২ আসনের আরেক সম্ভাব্য প্রার্থী এম আর মাসুদের সমর্থকরা তাদের ধাওয়া করে। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শিপনসহ উভয়পক্ষের ৫ জন আহত হন।

লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।