উল্টো পথে লরি, প্রাণ গেল দুই যন্ত্রশিল্পীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় উল্টো পথে আসা কনটেইনারবাহী লরি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১) নামে দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংগীতশিল্পী বিউটিসহ আহত হয়েছেন আরও ৬ জন।

অহতরা হলেন, রাহাত, পাপ্পু, রঞ্জন, তৌহিদ, লুৎফর রহমান। এদের মধ্যে বিউটি ও লুৎফর বতর্মানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইছহাক বলেন, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে চালকসহ আটজন কক্সবাজার যাচ্ছিল। এসময় লরি ছিল ঢাকামুখী। সোনাপাহাড় এলাকায় বিশ্বরোডের মুখে ইউটার্নে লরিটি মহাসড়কের ঢাকামুখী অংশ অতিক্রম করে চট্টগ্রামমুখী অংশে ঢুকে যায়। এ সময় চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মাইক্রোবাসের চালকসহ আট যাত্রীকে উদ্ধার করে স্থানীয় মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পার্থ প্রতীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

এ প্রসঙ্গে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার দেশ রূপান্তরকে বলেন, আহত তিনজনের মধ্যে হানিফ আহমেদকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিল্পী বিউটি ও লুৎফর রহমান হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত পার্থ প্রতীম গুহ অক্টোপ্যাড এবং হানিফ আহমেদ ড্রাম বাজাতেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মঞ্চ সংগীতশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের। তিনি দেশ রূপান্তরকে বলেন, আমরা আজ এ প্রজন্মের দুজন গুণী যন্ত্রশিল্পীকে হারালাম। আহত হয়েছেন শিল্পী বিউটি। তারা কক্সবাজার শো করতে যাচ্ছিলেন।

এদিকে শুক্রবার রাতে মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সড়কে একটি নিয়ন্ত্রণহীন মাইক্রো সড়কের পাশর্^বর্তী দোকানে ঢুকে পড়লে শাখাওয়াত হোসেন শাওন (১৮) ও কামাল উদ্দিন (৬৫) নামে দুজন নিহত হয়েছেন। টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) নামের এক ইউপি সদস্য নিহত হন। ভালুকায় ডিম বোঝাই পিকআপ চাপায় শিশু নিহত হয়। সাভারে ট্রাকচাপায় ওমর ফারুক (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সংবাদদাতা ও প্রতিনিধিদের রিপোর্টে বিস্তারিত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত : টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুজন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুড়াটা মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সদর উপজেলার মগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলী ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি সদস্য নজরুল ইসলাম মোটর সাইকেলযোগে টাঙ্গাইল শহর থেকে তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে আসা আরেক মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউপি সদস্য নজরুল ইসলাম ছিটকে রাস্তার পাশে পড়ে গাছের সঙ্গে লেগে আঘাত পান। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম মারা যান। এসময় অপর মোটরসাইকেলের দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

ভালুকায় পিক-আপ চাপায় শিশু নিহত : ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় এলাকায় ভরাডোবা-ঘাটাইল সড়কের শনিবার সকাল সাড়ে ৯টায় নিউ হোপ কোম্পানির ডিম বোঝাই পিকআপ চাপায় ইরমান (৬) নামে এক শিশু নিহত। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়কে বাঁশ ফেলে এক ঘণ্টা অবরোধ করে রাখে। নিহত শিশু উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, পিকআপ চাপায় এক শিশু নিহত হয়। আমরা পিকআপটি আটক করে থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করলে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত : সাভারে ট্রাকচাপায় ওমর ফারুক (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে এখনোও আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার রাত ৮ টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হোকডাঙ্গা গ্রামের মেম্বার পাড়া এলাকার মো. চাঁদ মিয়ার ছেলে। তিনি জিহাদ এন্টারপ্রাইজ নামক কনস্ট্রাকশন সাইটের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এবং ঢাকার গুলশান নিকেতন এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম জানান, নিহতের মরদেহটি এবং ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।