কোয়ারেন্টাইন এড়াতে আগেভাগে বাংলাদেশ ছাড়ছে আইরিশরা

এক ম্যাচ না খেলেই আগেভাগে দেশে ফিরে যাচ্ছে আয়ারল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল তাদের।

দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইন এড়াতে সূচিতে পরিবর্তন এনেছে তারা।

সংযুক্ত আরব আমিরাত হয়ে দেশে ফিরলে কোয়ারেন্টাইনের কড়া বিধিনিষেধে পড়তে হবে আয়ারল্যান্ড উলভসের ক্রিকেটারদের। তাই বিকল্প পথে ফিরবে সফরকারীরা।

নতুন সূচিতে আগামী মঙ্গলবার একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই বিমানে চাপবে দলটি।

গতকাল শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সফরের সূচি ছোট করে আনার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দেশটির বোর্ডের হাইপারফরম্যান্স পরিচালক রিচার্ড হোল্ডসওর্থ দিয়েছেন নিজেদের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি।

তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটি টি-টোয়েন্টি ছাড় দিতে হচ্ছে আমাদের। ক্যাটাগরি-২ লাল তালিকাভুক্ত দেশ ঘুরে যেসব যাত্রী আয়ারল্যান্ডে ফিরবে, তাদের জন্য কোয়ারেন্টাইন বিধির মাত্রা বাড়ানোর পরামর্শ দিয়েছে আইরিশ কর্তৃপক্ষ। অর্থাৎ ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেহেতু আমরা (ঢাকা থেকে) সংযুক্ত আরব আমিরাত (ক্যাটাগরি-২ লাল তালিকাভুক্ত) হয়ে ফেরার কথা ছিল, সেহেতু আমাদের স্কোয়াডকে এই নিয়মের আওতায় পড়তে হতো, তা সেখানে বিরতি দিয়ে হোক কিংবা শুধু ট্রানজিট নিয়ে। এজন্য আমাদের ফেরার পথ বদলে লাল তালিকায় নেই এমন কোনো দেশ হয়ে খেলোয়াড়দের (আয়ারল্যান্ডে) পাঠাতে হবে।’

বাংলাদেশ সফরে আসা আইরিশ ক্রিকেটারদের বেশ কজনকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। সামনেও সিরিজ আছে। তাই তাদের মানসিক ধকল আর বাড়াতে চায় না বলেই বিসিবির কাছে সূচিতে পরিবর্তনের অনুরোধ জানায় আইরিশদের বোর্ড। বিসিবিও সায় দেয়।