কুমিল্লায় শত কোটি টাকার মোটরসাইকেল, পার্টস পুড়ে ছাই

কুমিল্লা ক্যান্টনমেন্ট মার্কেট সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকার বৃহত্তর হাজি মার্কেটের মোটরসাইকেল শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাত আড়াইটার দিকে আকস্মিক আগুন লেগে হাজী মার্কেটে ও মোটরসাইকেল শো-রুম পুড়ে যায়। আগুনে প্রায় ৬৫ মোটরসাইকেল ও পার্টস পুড়ে যায়। 

কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন হাজি মার্কেটের মোটরসাইকেল শো-রুমটি অনেক পরিচিত। সব প্রকার পার্টস পাওয়া যেত এ শো-রুমটিতে। আগুনে হাজী মার্কেটটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

আগুনের খবর পেয়ে শনিবার রাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় হাজী মার্কেটের ২৫টি দোকান। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাহাকার আর ক্রন্দনে ভারী হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকার আকাশ বাতাস। চৌধুরী মটরস থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

ক্যান্টনমেন্ট হাজী মার্কেটে চেয়ারম্যান আব্দুর রব মিয়ার একটি মোটরসাইকেল দোকান ছিল। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সবগুলো মোটরসাইকেল।

তিনি বলেন, প্রায় শত কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, চারটি স্টেশনের ১০ ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, আগুন লাগার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

হাজী ম্যানশন মার্কেটের মালিক হাজি হূমায়ুন কবির জানান, খবর পেয়ে তারা এসে দেখেন ২৮টি দোকানের প্রায় ৬৫টি মোটরসাইকেল পুড়ে গেছে। এ ছাড়া পার্টসও পুড়ে গেছে।