মুজিব শতবর্ষ উপলক্ষে আইসিটি বিভাগের ‘মুজিব ১০০’ অ্যাপ

ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ও সংগ্রামমুখর জীবনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত হয়েছে ‘মুজিব ১০০’ অ্যাপ।

রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইন প্ল্যাটফর্মে অ্যাপটি উদ্বোধন করেন ।

আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘এই অ্যাপটির মাধ্যমে তরুণেরা বঙ্গবন্ধুর জীবনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে করা বিভিন্ন উক্তি পড়ে অনুপ্রাণিত হবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর—দুই জায়গা থেকে। এটি অনলাইন ও অফলাইনে এবং খুব অল্প বান্ডউইথ-এ ব্যবহার করা যাবে। বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি।’

প্রতিমন্ত্রী জানান, দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া এই অ্যাপের অন্যতম লক্ষ্য। বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেওয়া সব ভাষণ, বঙ্গবন্ধুর লেখা বই এবং তার জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো টাইমলাইন প্রভৃতি কনটেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এ অ্যাপটি।

‘মুজিব ১০০’ অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে— বঙ্গবন্ধুর প্রতিদিন, যার মাধ্যমে প্রতিদিন বঙ্গবন্ধুর জীবনের ঘটনাবলি সম্পর্কে এ অ্যাপ ব্যবহারকারীরা জানতে পারবেন। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র রয়েছে। এছাড়া  ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ আরও অসংখ্য বক্তব্য, বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা চিঠিপত্র এবং তার নিজের হাতে লেখা আত্মজীবনীমূলক বই। বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের বিভিন্ন সময়ের ছবি দিয়ে তৈরি করা হয়েছে ফটো আর্কাইভ।

এছাড়া অ্যাপের ‘ইভেন্ট’ ফিচারের মাধ্যমে মুজিব শতবর্ষের বিভিন্ন উদ্‌যাপনের আপডেট জানা যাবে। বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের বিবৃতি, মুজিব শতবর্ষের থিম সং, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রভৃতি বৈচিত্র্যময় কনটেন্ট দিয়ে সাজানো হয়েছে অ্যাপটিকে।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ডা. বিকর্ণ কুমার ঘোষ।

প্রসঙ্গত, সারা দেশে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ। মুজিববর্ষ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে mujib100.gov.bd নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ‘মুজিব ১০০’ অ্যাপটি এই ওয়েবসাইটের একটি মোবাইল সংস্করণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে এই অ্যাপ।