লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে যাবে না বিএনপি

লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। গত শনিবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রবিবার রাতে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন এ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

গত শনিবার আসনটির উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেখানে নৌকার টিকিট পেয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

ওই দিন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীও ভোটে না যাওয়ার কথা জানান সাংবাদিকদের। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ না থাকায় ওই আসন থেকে বিএনপির কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আগে রাতে ভোট হতো, এখন দিনের আলোতে ভোট হয়। ভোটারদের বাধ্য করা হয় নৌকায় ভোট দিতে।

এদিকে আগামী ১৭ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যে সমাবেশ হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্ট নেতাদের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পাশাপাশি চট্টগ্রামের সমাবেশও স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভার্চুয়াল সভায় জানিয়েছেন তারেক রহমান। দলের এ সিদ্ধান্তের কথা গতকাল রাতে দেশ রূপান্তরকে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া মহানগরের এক নেতা।