জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দুটি বইয়ের মেধাস্বত্ব ও গ্রন্থস্বত্ব জালিয়াতির অভিযোগে সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর আজ সোমবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। গত বৃহস্পতিবার এ রায়ের জন্য নির্ধারিত দিনে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে ১৫ মার্চ (আজ) এজন্য দিন ঠিক করে। গত ৭ মার্চ রিট আবেদনটির ওপর শুনানি শেষ হয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। নাজমুল হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
গত বছর ২ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারিসহ বঙ্গবন্ধুর নামে দুটি বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দেয়। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে দেয় আদালত। কমিটি গত বছর ১২ নভেম্বর হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব জালিয়াতির অভিযোগে গত বছর ৩১ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট আবেদনটি করেন। আবেদনে বলা হয়, মুজিববর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর জন্য আটটি বই কেনার প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্যে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ এবং ‘৩০৫৩ দিন’ নামের দুটি বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির অভিযোগ উঠেছে। এ দুটি বইয়ের পাশাপাশি অধ্যাপক নাসরিন আহমদ সম্পাদিত ‘অমর শেখ রাসেল’ বইটিরও মেধাস্বত্ব চুরি করে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ‘জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড’ ও ‘স্বাধীকা পাবলিশার্স’ নামে দুটি প্রকাশনা সংস্থার মালিক সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে।