ফরিদপুরে হঠাৎ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

গত কয়েক মাসের তুলনায় হঠাৎ করেই বেড়েছে মহামারি করোনা আক্রান্তের হার। এদিকে করোনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন মাইকিং করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আবারও।

গত২৪ ঘণ্টায় ফরিদপুরের করোনায় আক্রান্ত রোগী সংখ্যা ১১ হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত ৮ হাজার ৫২৭ জন এর বিপরীতে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৩৭ জন। এছাড়াও জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২০ জন।

বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৫০ জন। করোনা টেস্টের হিসাব অনুযায়ী, জেলায় আক্রান্তের হার ২১.৩৯, এর বিপরীতে মৃত্যুর হার জেলায় ১.৪০ শতাংশ। করোনা শুরু থেকে এ পর্যন্ত জেলায় করোনা টেস্ট করা হয়েছে ৩৮ হাজার ৮৯৩ জনকে।

ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, ‘হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমাদের সকলকেই করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই মহামারি এই ভাইরাসকে জয়ী করতে পারবো।’

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনা প্রতিরোধে আবারও আমরা জনসচেতনতার উপর জোর দিচ্ছি।

তিনি বলেন, নিয়মিত শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনে আমরা মোবাইল কোট পরিচালনা করতে পিছপা হবো না।