ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে নেই মোসাদ্দেক

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার ব্যাপার বলতে হবে। ইনজুরিতে পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। যে কারণে আজ প্রস্তুতি ম্যাচের দলে নেই তিনি।

নিউজিল্যান্ডে আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি ম্যাচ নেই বাংলাদেশের। তাই নিজেরাই তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত একাদশ নামে দুটি দলে ভাগ হয়ে আজ কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচ খেলবেন। দুই স্কোয়াডেই আছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। তামিমের একাদশে আছেন নিউজিল্যান্ডের এক ব্যাটসম্যান ও এক বোলার। অন্যদিকে নাজমুলের একাদশে খেলবেন নিউজিল্যান্ডের স্থানীয় তিন ক্রিকেটার। দুই একাদশের কোনোটাতেই নেই মোসাদ্দেকের নাম। কুইন্সটাউনে অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন তিনি। আপাতত বিশ্রামে রয়েছেন। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগেই তিনি সেরে উঠবেন বলে জানিয়েছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।