দুই শর্তে খালেদার মুক্তির মেয়াদ আবারও বৃদ্ধি

দুই শর্ত দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিজ দপ্তরে সাংবাদিকদের বলেছেন, ‘খালেদা জিয়া বাসায় থেকে দেশের যেকোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।’

আসাদুজ্জামান খান বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য তার ভাইয়ের আবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী তার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন। তিনি বাসায় থেকে সব ধরনের চিকিৎসা নিতে পারবেন কিন্তু বিদেশে যেতে পারবেন না এমন শর্তে তার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছিল। কিছুদিন আগে তার ভাই শামীম ইস্কান্দার আমাদের এখানে এসে আরেকটি আবেদন করেছিলেন আবারও সময় বাড়ানোর জন্য। প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে আরও ছয় মাসের জন্য বাড়িয়েছেন। এখন থেকে তিনি এই সময়ে নিজ বাসায় থেকে চিকিৎসাসেবা নিতে পারবেন। আগামী ২৫ মার্চ থেকে এটা কার্যকর হবে।’

এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে পারবেন। কিন্তু তার পরিবার  চেয়েছিল ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে। খালেদা জিয়া  কোথায় চিকিৎসা নিতে পারবেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘দেখুন, উনি বিদেশে যেতে পারবেন না। আর সব জায়গায় তিনি তার চিকিৎসার প্রয়োজনে চিকিৎসাসেবা নিতে পারবেন। নিজ বাসা থেকে তিনি যেকোনো হসপিটালে যেতে পারবেন। তিনি যেখানে মনে করেন যেভাবে মনে করেন সেই চিকিৎসাসেবা নিতে পারেন। তার ঠিকানাটা হবে নিজ বাসা। তার মানে তিনি যে হাসপাতালে চান সেই হাসপাতালে যেতে পারবেন।’

এ বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতালে যদি প্রয়োজন হয় ওই রকম প্রয়োজন না হলে যাবেন কেন? যদি প্রয়েজন হয় এমন কোনো ইমার্জেন্সি আসে যে হাসপাতালে নিতে হবে, সেখানে আমাদের কোনো বাধা নেই। তবে হাসপাতাল দেশের মধ্যে হতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো হাসপাতালে যদি তাকে চেকআপ করতে হয়, পরীক্ষা করতে হয়, একটা এক্সরে করতে হয়, সেখানে তিনি যাবেন। তবে অবস্থানটা তার নিজ বাসায় থাকতে হবে।’

আগের তুলনায় শর্ত কিছুটা শিথিল হলো কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আগের শর্তেই মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো কিছু শিথিল হয়নি।’

খালেদা জিয়া কি কোনো হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ক্লিয়ার করেছি, তিনি নিজ বাসা থেকে চিকিৎসাসেবা নেবেন। যদি ইমার্জেন্সি  কোনো প্রয়োজন হয় তবে তিনি হাসপাতালের সহযোগিতা নিতে পারবেন এটিই বলা হয়েছে।’ চিকিৎসা হোক বা হাসপাতালে ভর্তি  হোক সেটা দেশে থেকেই হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভর্তির কথা তো আমরা বলছি না, আমরা বলছি সেবা নিতে পারবেন।’

বিদেশ থেকে কোনো চিকিৎসক এসে খালেদা জিয়ার চিকিৎসা করতে পারবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এগুলো নিয়ে এখনো আমাদের আলোচনা হয়নি। তিনি এ রকম আবেদন করেননি।’ আপনি বলেছিলেন তার বাসাটাই কারাগার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, ঠিক সেই রকম কিছু নয়। ৬ মাসের জন্য সাজা স্থগিত করা হয়েছে। এই সময়টা তিনি মুক্ত।’ নিজ বাসায় অবস্থানকালে দলীয় নেতাকর্মীরা কি তার সঙ্গে দেখা করতে পারবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো করছে, সবাই তো যাচ্ছেন।’