রাজশাহীর গোদাগাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের অভিযানে গ্রেপ্তার হয় পাঁচ মাদকসেবী। তাদের ছাড়াতে গিয়ে উল্টো কারাগারে যেতে হয়েছে এক পৌর কাউন্সিলর ও এক যুবলীগ নেতাকে। তাদের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর পাঁচ মাদকসেবীকে দেওয়া হয়েছে এক বছরের বিনাশ্রম কারাদন্ড। গত সোমবার রাতে গোদাগাড়ী পৌর সদরে এ ঘটনা ঘটে।
দন্ড পাওয়া কাউন্সিলরের নাম শহীদুল ইসলাম (৪৫)। তিনি গোদাগাড়ী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বাড়ি পৌরসভার রামনগর মহল্লায়। আর যুবলীগ নেতার নাম গোলাম কাউসার মাসুম (৩৮)। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, বাড়ি পৌর এলাকার জোতগোসাই এলাকায়।
অন্যদিকে কারাদন্ড পাওয়া পাঁচ মাদকসেবী হলো গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লার সাদ্দাম হোসেন (২০), মো. সাব্বির (২০), সজিব হোসেন (২০), চাঁইপাড়া মহল্লার মো. রিফাত (২১) এবং বুজরুক রাজারামপুর মহল্লার রমজান আলী (২০)।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে গাঁজা সেবনের সময় পাঁচ মাদকসেবীকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এরপর তাদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আটক পাঁচজনকে ছাড়াতে যান পৌর কাউন্সিলর শহীদুল ইসলাম ও যুবলীগ নেতা গোলাম কাউসার মাসুম। তারা আটক পাঁচজনকে ছেড়ে দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারকে চাপ দিচ্ছিলেন। এ সুযোগে ওই পাঁচজন পালিয়ে যায়। এ নিয়ে হুলস্থুল পড়ে যায়। তখন কাউন্সিলর ও যুবলীগ নেতাকে আটকে রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর কিছুক্ষণ পর গোদাগাড়ী থানা পুলিশ পালিয়ে যাওয়া পাঁচজনকে আটক করে আনে। এরপর রাত ৮টার দিকে কাউন্সিলর ও যুবলীগ নেতাসহ সাতজনকেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম। রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত সাতজনকেই কারাদন্ড দেয়।
ইউএনও জানে আলম জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহারের ভ্রাম্যমাণ আদালত সাতজনেরই সাজা দিয়েছে। এর মধ্যে ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম ও যুবলীগ নেতা গোলাম কাউসার মাসুমকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচ মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ মাদকসেবীকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে সাজা ঘোষণার পর রাতেই সাতজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।