প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য

রাজশাহীতে মিনুসহ ৪ বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলটির চার নেতার নামে রাজশাহীতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ (আমলি আদালত বোয়ালিয়া) এ মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক সাইফুল ইসলাম মামলাটি গ্রহণ করে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন।

সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম মামলার বাদী। তার আইনজীবী হিসেবে মামলাটি আদালতে দাখিল করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার। মামলা দায়ের করার সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলীয় নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন।

গত ২ মার্চ রাজশাহীর মাদ্রাসা মাঠ লাগোয়া একটি কমিউনিটি সেন্টারের পাশে বিএনপির বিভাগীয় সমাবেশে ১৫ আগস্ট ঘটানোর ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।