সামনের সপ্তাহে আসছে ওয়ান প্লাসের স্মার্টওয়াচ

২৩ মার্চ নতুন ওয়ান প্লাস ৯ সিরিজের স্মার্টফোন নিয়ে আসবে এমনটি আগেই জানিয়ে রেখেছিল ওয়ান প্লাস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আসছে স্মার্টওয়াচ। অর্থাৎ একই দিনে নতুন স্মার্টফোন ও স্মার্টওয়াচ দেখতে পাবেন ওয়ান প্লাস প্রেমীরা। খুব বেশি দিন হয়নি নিজেদের প্রথম পরিধেয় ডিভাইসের ব্যাপারে সবাইকে জানিয়েছে ওয়ান প্লাস। এর আগে ২০১৫ সালে স্মার্টওয়াচের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল প্রতিষ্ঠানটি। পরে স্মার্টফোন লাইনআপে মনোনিবেশ করতে স্মার্টওয়াচের কাজ থামিয়ে দিয়েছিল তারা।

গত বছরের অক্টোবরে ফের স্মার্টওয়াচের টিজার প্রকাশ করে প্রতিষ্ঠানটি। আগামী কয়েক মাসের মধ্যেই ডিভাইসটি চলে আসবে ওই টিজারে সে সময় এমন ইঙ্গিত দিয়েছিল ওয়ান প্লাস। পরে ডিসেম্বরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পিট লাউ নিশ্চিত করেন ২০২১ সালের শুরুতে স্মার্টওয়াচের ব্যাপারে ঘোষণা আসবে।

ওয়ান প্লাস ওয়াচের দুটি মডেল থাকবে। এর মধ্যে একটির মডেল নম্বর হবে ডব্লিউ ৩১০ জিবি, এতে দেখা মিলবে চতুষ্কোণ আকারের ডায়ালের। একে ওয়ান প্লাস ওয়াচ বলে ডাকা হবে। অন্যটির মডেল নম্বর হবে ডব্লিউ ৫০১ জিবি। এতে দেখা মিলবে স্পোর্টিং বৃত্তাকার পর্দার। এর নাম হতে পারে ওয়ান প্লাস ওয়াচ আরএক্স। দুটি স্মার্টওয়াচই সম্ভবত ‘ওয়্যার ওএস’ চালিত হবে।