‘আওয়ামী লীগের চেতনার সঙ্গে স্বাধীনতার চেতনার কোনো সম্পর্ক নেই’ বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সব মিছিল-মিটিং নিষিদ্ধ করেছে। এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ।’
গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ভাষাসৈনিক ও বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের নাগরিক অধিকারে বিশ্বাস করে না। তাই ১৭ মার্চ থেকে ২৬ মার্চ সবকিছু বন্ধ করেছে। একাত্তরে পাক হানাদারদের পৈশাচিক আচরণের সঙ্গে আওয়ামী লীগের সব আচরণ মিলে যাচ্ছে। আওয়ামী লীগের আত্মায় এখন ইয়াহিয়া ও টিক্কা খান ভর করেছে।’
রিজভী করোনায় আক্রান্ত : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দিলে পজিটিভ রিপোর্ট আসে। তিনি নিজেই বিষয়টি দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিজভী আহমেদ বলেন, গত তিন-চার দিন ধরেই জ¦রে ভুগছিলাম। এর মধ্যে গতকাল রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে করোনা টেস্টের জন্য নমুনা দিই। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।