কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় সুদের টাকা না দেওয়ায় এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাদা গ্রামের মোরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চকরিয়া থানা পুলিশ অভিযানে যায়। অভিযুক্ত শওকত ওসমানকে না পাওয়ায় গতকাল আটক করা হয় তার বাবা জহির আহমদকে।
বরইতলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নিয়াজুল ইসলাম বাদল জানান, কয়েক মাস আগে ওই নারী স্বামীর চিকিৎসার জন্য টিউবওয়েল মিস্ত্রি শওকত ওসমানের কাছ থেকে সুদে ৪ হাজার টাকা ধার নেন। ইতিমধ্যে সুদ ও আসলসহ ৮ হাজার টাকা পরিশোধও করেন। গত মঙ্গলবার দুপুরে শওকত ওই নারীর বাড়িতে গিয়ে আরও ২ হাজার টাকা দাবি করেন। কিন্তু ওই নারী বৃহস্পতিবার টাকা দেওয়ার কথা বলেন। তবে তা মানতে চাননি শওকত ওসমান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শওকত ওই নারীকে পরনের শাড়ি দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। তার শ্লীলতাহানিরও চেষ্টা চালান।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বলেন, ‘ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানানো হয়েছে। আমি এ ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, ঘটনাটি ফেইসবুকে দেখার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত শওকতকে না পাওয়ায় তার বাবা জহির আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।