মওদুদের মৃত্যুতে এক দিনের শোক ঘোষণা বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে এক দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ শোক কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় মওদুদ আহমদের মরদেহ  দেশে এসে পৌঁছাবে। রাতে তার মরদেহ রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার সকাল ৯টায় জাতীয় সংসদের অনুমতি সাপেক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে। সকাল ১০টায় সুপ্রিম কোর্টে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে নোয়াখালীতে  নেওয়া হবে। এরপর কোম্পানীগঞ্জ কলেজ মাঠে জানাজা শেষে মানিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই শায়িত হবেন প্রবীণ এ রাজনীতিক।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।