বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে নির্মাণাধীন পায়রা সেতুর কাজ শেষ না হতেই আকস্মিক পলেস্তারা ধসে পড়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পলেস্তারা ধসের ছবি ছড়িয়ে পড়ায় এটির নির্মাণ ত্রুটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে সেতু কর্তৃপক্ষ বলছে, এটি তেমন কোনো সমস্যা নয়, সামান্য পলেস্তারা খসে পড়েছে। অতিরিক্ত চাপে এমনটি ঘটে থাকতে পারে।
গত বুধবার দুপুরে হঠাৎ করে লেবুখালী ফেরিঘাটের দক্ষিণ প্রান্তের ২নং পিলারসংলগ্ন নির্মাণাধীন পায়রা সেতুর পলেস্তারা ধসের ঘটনা ঘটে। অন্তত দুই ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থের পলেস্তারা খসে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পথচারীদের অনেকেই যে যার মতো ছবি ও ভিডিও করে ফেইসবুকে আপলোড দিলে বিষয়টি ভাইরাল হয়।
পায়রা সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুল হালিম এ বিষয়ে বলেন, যারা টেকনিক্যাল বিষয় বোঝেন না, তারাই এটা নিয়ে গুঞ্জন রটাচ্ছে। এ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।