সচিবালয়ে আইনমন্ত্রী

খুদে বার্তায় মামলার তারিখে বিচারপ্রার্থীর দুর্ভোগ কমবে

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে বিদ্যমান সমন জারি প্রক্রিয়ার পাশাপাশি সাক্ষীর মোবাইল ফোনে এসএমএস (খুদে বার্তা) প্রদানের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের তারিখ অবহিত করলে বিচারপ্রার্থীদের দুর্ভোগ ও হয়রানি যেমন কমবেম তেমনি বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতসহ বিচারের দীর্ঘসূত্রতাও কমবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ‘বিদ্যমান সমন জারি পদ্ধতির পাশাপাশি এসএমএস বার্তার মাধ্যমে সাক্ষ্যগ্রহণের তারিখ মামলার সাক্ষীকে অবহিতকরণ কার্যক্রমের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে মামলার দীর্ঘসূত্রতার অন্যতম কারণ আদালতে সময়মতো সাক্ষী হাজির হতে না পারা, সাক্ষীর অনুপস্থিতি কিংবা সাক্ষীর গরহাজির। এর অন্যতম কারণ হলো সাক্ষীর সময়মতো সমন না পাওয়া। এর পেছনেও রয়েছে যথেষ্ট যুক্তি ও কারণ। সাক্ষীকে এসএমএস প্রেরণ কার্যক্রম এসব কারণ ও যুক্তি খ-ন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।’

মন্ত্রী আরও বলেন, ‘এই সেবার মাধ্যমে মামলার সাক্ষীরা আদালতে বিচারাধীন মামলার ধার্য তারিখ সম্পর্কে দ্রুত সময়ে ও সহজে জানতে পারবেন। যেহেতু ইলেকট্রনিক পদ্ধতিতে ও মোবাইলে এই মেসেজ প্রদান করা হবে, তাই কেউ মেসেজ পেয়ে অস্বীকারও করতে পারবেন না।

তিনি জানান, পাইলট ভিত্তিতে কুমিল্লা ও নরসিংদীতে সমন জারির এসএমএস পদ্ধতি চালু হয়েছে। পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতেও সমন পাঠানো হবে। পাইলট ভিত্তিতে গৃহীত এ কার্যক্রম পর্যালোচনা করে এবং এখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে সারা দেশে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।