প্রেমের টানে বাংলাদেশি স্কুলছাত্রী ভারতে, পতাকা বৈঠকে ফেরত

জামালপুরের বকশীগঞ্জে প্রেমের টানে ভারতে যাওয়া সপ্তম শ্রেণীর এক কিশোরীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

বৃহস্পতিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে তাকে হস্তান্তর করা হয়।

পরে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করলে পরিবারের কাছে ফেরত দেওয়া হয় ওই কিশোরীকে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মুনতাসির জানান, দেওয়ানগঞ্জ উপজেলার ওই ছাত্রীর (১৪) সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বৃহস্পতিবার বিকেলে প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায় ওই কিশোরী। সেখানে প্রেমিক আক্তার হোসেনকে খুঁজতে থাকে সে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকায় বিএসএফ তাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায়, তার বাড়ি বাংলাদেশে। বিজিবির সঙ্গে যোগাযোগের একপর্যায়ে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয় বিএসএফ।

বিজিবির পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন আর বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এস কে বিশাল।

পরে ওই ছাত্রীকে বকশীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মুন্তাজ আলীর হেফাজতে হস্তান্তর করেন বিজিবি। এ সময় ধানুয়া কামালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।