ভালুকায় শিশু ও প্রতিবন্ধীসহ ধর্ষণের শিকার ৩

ময়মনসিংহের ভালুকায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী ও প্রতিবন্ধীসহ তিনজন ধর্ষণের শিকার হয়েছে। পৃথক তিন ধর্ষণের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১০) বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আজিজুল হক (৪০) ধর্ষণ করে। মা-বাবা বাড়ি ফিরে ঘটনাটি জানতে পান এবং শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে উপজেলার অজ্ঞাতনামা বাকপ্রতিবন্ধীকে (৩৫) বাজারের ঝাড়ুদার ও উপজেলার মেহেরাবাড়ি তালতলা গ্রামের সোহাগ বাঁশফুর ওরফে গৌতম (২১) সোমবার ভোরে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী নারী ইশারায় ঘটনাটি স্থানীয়দের জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মডেল থানার এসআই সাঈদারা রিটা বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত গৌতমকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করে।

তা ছাড়া একই উপজেলায় সন্তানের জননীকে (২৮) ধর্ষণের অভিযোগে প্রতিবেশি মতিউর রহমানের ছেলে চাচাতো দেবর সাদিকুর রহমানের (৩০) বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ওই নারী বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান জানান, প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রতিবন্ধী ও ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।