আফগানিস্তানের সিরিজ জয়

মোহাম্মদ নবির অলরাউন্ড পারফরম্যান্সে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আফগানিস্তান ৪৫ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল আফগানরা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৩ রান তোলে আফগানিস্তান। জিম্বাবুয়ে অলআউট হয় ১৪৮ রানে।

প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের জয়ের নায়ক রহমানউল্লাহ গুরবাজ ৯ রানে ফেরেন। দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন উসমান ঘানি (৩৪ বলে ৪৯) ও করিম জান্নাত (৩৮ বলে ৫৩)। দলীয় ১৫৪ রানে ৪ উইকেট হারানো আফগানিস্তান নবির ১৫ বলে ৪০ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত পায়। তার ইনিংসে ছিল ২ চার ও ৪ ছক্কা।

জবাব দিতে নেমে ৫৬ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেটে ৬২ রানের জুটি গড়েন রিচমন্ড মুতুম্বামি ও রায়ান বুরি। বুরি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান। এ দুজনের পর আর কেউ দাঁড়াতে পারেননি। আফগানিস্তানের হয়ে ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রশিদ খান এক ওভারেই নেন ৩ উইকেট। ১৭.১ ওভারে অলআউট হয় জিম্বাবুয়ে। বল হাতে ৩ ওভারে ২০ রানে ২ উইকেট নেন নবি। ম্যাচসেরা হন তিনি।

সিরিজের শেষ ম্যাচ হবে আজ। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১-এ ড্র হয়।