দেশের বিভিন্ন স্থানে শিশু কিশোরী-প্রতিবন্ধীসহ ৭ জন ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে ময়মনসিংহের ভালুকায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী ও প্রতিবন্ধীসহ তিনজন ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রান্দিয়া গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। মাহমুদপুর গ্রামে এক নারী (২৮) ও হবিরবাড়ি সিডস্টোর বাজারে বাকপ্রতিবন্ধী (৩৫) আরেক নারী ধর্ষণের শিকার হয়েছে। মাদারীপুরে ১০ম শ্রেণির ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় গতকাল দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে এক কলেজছাত্রী (১৭) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক গৃহশিক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীতে দশম শ্রেণির ছাত্রী (১৬) ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। এ ঘটনায় ১ জন আটক হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
ভালুকায় শিশু ও প্রতিবন্ধীসহ ধর্ষণের শিকার ৩ : ময়মনসিংহের ভালুকায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী ও প্রতিবন্ধীসহ তিনজন ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার রান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১০) বাড়িতে রেখে তার মা-বাবা বাড়ির পাশে ইসলামী সভা শুনতে যান। এই সুযোগে প্রতিবেশী ফয়েজ আলী শেখের ছেলে আজিজুল হক (৪০) শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হবিরবাড়ি সিডস্টোর বাজারে এক বাকপ্রতিবন্ধী (৩৫) ধর্ষণের শিকার হন। এ ঘটনায় বাজারের ঝাড়ুদার সোহাগ বাঁশফুর ওরফে গৌতমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
মাহমুদপুর গ্রামে এক নারীকে (২৮) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী সাদিকুর রহমানের (৩০) বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।
মাদারীপুরে দশম শ্রেণির ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ : মাদারীপুরে ১০ম শ্রেণির ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে উদ্ধার করে মাদারীপুুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মাদারীপুরের ঝাউদি এলাকার আ. রহমানের সঙ্গে সদর উপজেলার একটি এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটিকে ঘুরতে নেওয়ার কথা বলে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। মাদারীপুর সদর মডেল থানায় ধর্ষণ মামলা হলে আরও তিনজনকে আটক করে পুলিশ। তারা হলো, হোটেল ম্যানেজার আলাউদ্দিন (৫০), সহযোগী রাকিব (২৫), মুরাদ (২৫)।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা কামরুল ইসলাম মিঞা জানান, মূলত পরিচয় গোপন রেখে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে এই ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধর্ষণের অভিযোগে আ. রহমান নামে একজনকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে।
শ্রীপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী : গাজীপুরে শ্রীপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় গতকাল শুক্রবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে চারজনকে আসামিকে থানায় মামলা করেছে।
আসামিরা হলো, উপজেলার ধামলই গ্রামের মো. সুজন (২৪), মুলাইদ গ্রামের মো. মুন্না (২২), মাওনা উত্তরপাড়া গ্রামের দুলু (৪৫) ও মো. বাবুল (৪৮)। এদের মধ্যে সুজন ও বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তাড়াশে কলেজ ছাত্রীকে ধর্ষণ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে এক কলেজছাত্রী (১৭) ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে গৃহশিক্ষক আবু সাঈদ (৩৮) পড়াতে এসে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ করেন। গতকাল শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তালম ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা সদস্য মালতী রানী বলেন, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ধর্ষক আবু সাঈদকে আটক করে বেধড়ক মারপিট করে। পরে সে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পুলিশ এ দিন বিকেলে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, এ ঘটনার পর বাদীর লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
নোয়াখালী সদরে ছাত্রীকে ধর্ষণ ও হত্যা : নোয়াখালী সদর উপজেলার চরমটুয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে পরিবার। গতকাল শুক্রবার সকালে তুলে নেওয়ার পর দুপুরে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পরিবারের লোকজন। এ ঘটনায় রায়হান (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত কিশোরী চর মটুয়ার উদয় সাধুরহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় দশম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবারের অভিযোগ, চরমটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাকিব (২০) ও রায়হান (২১) উদয় সাধুর হাট বাজার থেকে মাদ্রাসাছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে মাইজদী বাজারের রেললাইনের পাশে একটি ভাড়া বাসায় ধর্ষণ করে। বেলা ১১টার দিকে ভুক্তভোগী কিশোরী তার বড় বোনকে ফোন করে ঘটনাটি জানায়। দুপুর দেড়টার দিকে অভিযুক্ত রায়হান ওই কিশোরীকে স্ত্রী পরিচয় দিয়ে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন জানান, রায়হানকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।