নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা-মুড়াপাড়া সড়কে তিতাস গ্যাসের পাইপ ফেটে লিকেজের সৃষ্টি হয়েছে। লিকেজ দিয়ে ক্রমাগত দ্রুত গতিতে বিকট শব্দে গ্যাস বাইরে বেরিয়ে আসছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
শনিবার দুপুরে পাড়াগাঁ এলাকার উপজেলার ভুলতা -মুড়াপাড়া সড়কে এ গ্যাস লিকেজ থেকে গ্যাস বের হতে দেখা যায়।
স্থানীয় এলাকাবাসীয় জানান, ভুলতা-মুড়াপাড়া সড়কটি জনবহুল সড়ক। সড়কটির নিচ দিয়ে ৫০ পিএসআইজি হাই প্রেশারের ৪ ইঞ্চির গ্যাস লাইনের পাইপ রয়েছে। এ সড়কটির পাশে প্রায় অর্ধশতাধিক শিল্প কারখানা গড়ে উঠেছে। এ কারণে সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার ভারী যানবাহন চলাচল করে। সড়কটি সাধারণ যানবাহনের চলাচলের উপযোগী করে নির্মাণ করা হলেও এটি দিয়ে এসব ভারী যানবাহন চলাচল করে। এতে করে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
তারা জানান, অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার নিচে থাকা ৫০ পিএসজিআই গ্যাসের পাইপ লাইন ফেটে গিয়ে লিকেজ সৃষ্টি হয়। এতে করে মাটির নিচ থেকে দ্রুত গতিতে বিকট শব্দের মাধ্যমে গ্যাস বেরিয়ে আসছে। গ্যাস লিকেজটির পাশেই কয়েকটি চায়ের দোকান রয়েছে। এখানে সাধারণ মানুষ এসে ধূমপানও করছে। যেকোনো সময় আগুন থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
স্থানীয়রা গ্যাসের পাইপ ফেটে লিকেজের বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানিয়েছে।
তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান বলেন, গ্যাস লিকেজের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তিতাসের লোক পাঠানো হয়েছে। শিগগিরই লিকেজটি মেরামত করা হবে।