স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম। এছাড়া লাইন ডিরেক্টর অধ্যাপক মিজানুর রহমান ও এ দপ্তরের আরও বেশ কয়েকজন কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়েছে। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন।

অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ‘এমআইএসের পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি তার পরিবারসহ আক্রান্ত হয়েছেন। ডিজি স্যারের পিএসওসহ কয়েকজন পরিবারসহ আক্রান্ত হয়েছেন। স্যারের আশপাশে যারা ছিলেন, অনেকেই আক্রান্ত।’

গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর প্রথম দিন স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে টিকা নিয়েছিলেন মহাপরিচালক খুরশীদ আলম। দেড় মাসের মাথায় টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার আগেই তার শরীরে সংক্রমণ ধরা পড়ল।