চিঠির কোথাও বলিনি আমি টেস্ট খেলতে চাই না: সাকিব

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। যা নিয়ে ক্রিকেট প্রশাসন থেকে শুরু করে দেশের অনেক ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েন তিনি। বিপরীতে চুপ ছিলেন সাকিব। অবশেষে শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বোর্ডের কেউ কেউ বলছেন, ‘সাকিব টেস্ট খেলতে চান না’। তবে এই বিষয়ে সাকিব একেবারেই দ্বিমত পোষণ করছেন।

ক্রিকফ্রেঞ্জি’র ফেইসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে সাকিব দাবি করেন, তিনি টেস্ট খেলতে চান না এ কথা বিসিবির চিঠিতে তিনি উল্লেখ করেননি তিনি।

সাকিব বলছেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা।’

‘আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু আমার চিঠিতে উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি।’

এখানেই থামেন না সাকিব। ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের কথাও উল্লেখ করেন। বলেন, ‘আকরাম ভাই বার বার বলেছে, আমি খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েনি।’

এদিকে বিসিবি তার সিদ্ধান্ত মেনে নেওয়ায় সভাপতি নাজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানান সাকিব। বলেন, ‘আমি ধন্যবাদ দিতে চাই পাপন ভাইকে (বিসিবি সভাপতি নাজমুল হাসান), উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা দেওয়া উচিত। বোর্ড কিংবা বোর্ড প্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করে, তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বেড়ে যায়। ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। সেদিক থেকে পাপন ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। আমি মনেকরি তার জায়গা থেকে সে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে।

যোগ করেন, ‘আকরাম ভাই বারবার যে বলছেন, টেস্ট খেলতে চাই না। সেটা আমার চিঠির কোথাও উল্লেখ করা নেই।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের চেয়ে আইপিএলই বেশি সাহায্য করবে বলে মনে করেন সাকিব। আর একারণেই টেস্ট না খেলে আইপিএলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

আরো পড়ুন:

সুযোগ পেলে বিসিবির সেরা সভাপতি হবেন সাকিব