‘সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রধান আসামি স্বাধীন কোন দলের সদস্য ছিল, কোন দলের নেতা ছিল সেটা আমাদের দেখার বিষয় না, স্বাধীন অপরাধী সেটাই মূল্য বিষয়।’
রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফিংয়ে এসব কথা বলেন পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রেস বিফিং এ সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নোয়াগাঁও গ্রামের সঙ্গে বিভিন্ন বিষয়ে স্বাধীন মিয়ার বিরোধ ছিল। পুলিশ ওই বিষয়ে তদন্ত করছে, কে দোষী কে নির্দোষ সেটা তদন্ত করলেই বেরিয়ে আসবে।
তিনি আরও বলেন, বুধবার (১৭ মার্চ) সকালে ৪ থেকে ৫টা গ্রামের মানুষ নোয়াগাঁও গ্রামে অবস্থান করছিল, তবে কতজন লোক সেখানে ছিল, সেটা বলা সম্ভব না, তবে একটা মেসেজ দিতে পারি অকারণে কাউকে হয়রানি করা হবে না, পুলিশ জনগণের বন্ধু, কে ওই ঘটনা ঘটিয়েছে, কারা এর সঙ্গে জড়িত ছিল দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
পুলিশ সুপার বলেন, যে দিন ঘটনাটি ঘটে সেই দিন জাতির পিতার জন্মদিন ছিল, আমরা সেই প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, যেই সময় ওই ঘটনা ঘটে সঙ্গে সাথে আমি আর জেলা প্রশাসক সেখানে গিয়ে ওই গ্রামে সকলের সঙ্গে কথা বলছি, তাদের বলেছি আর আতঙ্ক থাকার দরকার নেই। যত দিন তাদের আতঙ্ক দুর না হচ্ছে পুলিশ সেখানেই থাকবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) সাহেব আলী পাঠান, সদর থানার ওসি শহিদুর রহমান প্রমুখ।