ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দল এখন নেপালে আছে। নেপালের আবহাওয়ার সঙ্গে খাপখাইয়ে নিতে গত তিন দিন অনুশীলনও করেছে দল। আজ সেই দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক জামাল ভুঁইয়া। গতকাল কভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে ভারতের আই-লিগ খেলে আসা জামালের। তার সঙ্গেই নেপাল যাওয়ার কথা ছিল করোনায় আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে দলের সঙ্গী হতে না পারা ডিফেন্ডার রহমত মিয়া। কিন্তু গতকাল দু’বার পরীক্ষা করিয়ে দু’রকম ফল আসায় নেপাল থেকে কোচ জেমি ডে’র সবুজ সংকেত পাননি রহমত। ওদিকে কাঠমান্ডুতে কালই প্রথম টুর্নামেন্টের ভেন্যু দশরথ স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দশরথে কাল কোচ ফরোয়ার্ডদের ফিনিশিং নিখুঁত করা নিয়ে কাজ করেছেন কোচ।
ভারতের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর আই-লিগে কলকাতা মোহামেডানের হয়ে লিগের ১১ ম্যাচ খেলে গত শুক্রবার ঢাকায় ফিরেছেন জামাল ভুঁইয়া। ভারতে অভিষেক মৌসুমে ভালো পারফর্ম করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার পুরস্কারস্বরূপ শেষ ম্যাচে তাকে দেওয়া হয় অধিনায়কত্বের আর্মব্যান্ড। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার্চিল ব্রাদার্সকে সেই ম্যাচে কলকাতার জায়ান্টরা হারিয়েছিল ৪-১ গোলে। যার দুটি হয়েছে জামালের অ্যাসিস্টে। জামাল ঢাকায় ফিরেই তড়িঘড়ি চুক্তি করেছেন পুরানো ক্লাব সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে। আর গতকাল কভিড-১৯ পরীক্ষার ফলও এসেছে নেগেটিভ। অধিনায়ক তাই আজ সকালের ফ্লাইটে যাচ্ছেন কাঠমান্ডু। জামালের মতো ভাগ্য সুপ্রসন্ন নয় রহমত মিয়ার। বাক্স-পেট্রা গুছিয়ে ১৮ মার্চ দলের সঙ্গী হওয়ার কথা ছিল এই ডিফেন্ডারের। কিন্তু বিমান ছাড়ার কয়েক ঘণ্টা আগে জানতে পারেন তার করোনা পজিটিভ। যাওয়ার সময় কোচ আশ্বাস দিয়েছিলেন পুনরায় পরীক্ষায় নেগেটিভ হলে জামালের সঙ্গেই তিনি যাবেন নেপাল। কিন্তু পরীক্ষায় ফল পুনরায় পজিটিভ আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য গতকাল আবারও পরীক্ষা করান রহমতকে। এই পরীক্ষায় অবশ্য নেগেটিভ আসে। কিন্তু নেপালে অবস্থানরত কোচ রহমতকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না। রহমতকে জানিয়ে দিয়েছেন দেশেই থাকতে। দলে তার পজিশনে একাধিক বিকল্প থাকায় কোচ রহমতকে না বলে দিয়েছেন। কোচের সিদ্ধান্তে খানিকটা মন খারাপ রহমতের, ‘কোচ এই টুর্নামেন্টে নতুনদের পরখ করতে চাইছেন। এছাড়া আমাকে বিশ্রাম নিতে বলেছেন। কভিড নেগেটিভ হওয়ার পরও কাঠমা-ুতে যেতে না পারায় কিছুটা তো মন খারাপ হচ্ছেই। তবে পরের বারে জন্য কোচ আমাকে প্রস্তুত থাকতে বলেছেন।’
মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে কাল ম্যাচ ভেন্যুতে প্রস্তুতির ফাঁকে কথা বলেছেন দলের ফরোয়ার্ড মতিন মিয়া, ‘চোটের কারণে বাছাইয়ের শেষ ম্যাচটি খেলতে পারিনি। এবার কোচের নির্দেশনা অনুযায়ী ভালো ট্রেনিং করেছি। আজকে বেশিরভাগই ফিনিশিং ও পজিশন নিয়ে কাজ হয়েছে। আশা করছি এখানে আমরা ভালো করব।’