যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে শিগগিরই ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ চালু করা হবে। এর মাধ্যম মার্কিন উদ্যোক্তাদের কাছে এদেশে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরা হবে।
গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এ কথা বলেন।
ডিসিসিআই সভাপতি বলেন, গত ১০ বছরে দুদেশের বাণিজ্য ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০২০ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৭ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ২ দশমিক ১৩ বিলিয়ন এবং ৫ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা পণ্য জাহাজীকরণের ক্ষেত্রে ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দেয়। এটি যুক্তরাষ্ট্রে অন্য রপ্তানিকারকদের মধ্যে সবচেয়ে বেশি। এ ধরনের উচ্চ শুল্কহার তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন ব্যাহত করছে এবং আমরা বৈশি^ক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি। তিনি মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের পাশাপাশি পাদুকা ও ডেইরি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদানেরও আহ্বান জানান। রিজওয়ান রাহমান আরও বলেন, বর্তমানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিনিয়োগের পরিমাণ প্রায় ৩ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।