জন্মদিনে নতুন ছবির ঘোষণা রানীর

৪৪-এ পা রাখলেন বলিউডের মেধাবী অভিনেত্রী রানী মুখার্জি। গতকাল ছিল তার জন্মদিন। বিশেষ দিনেই নিজের নতুন সিনেমার ঘোষণা দিলেন জনপ্রিয় এই তারকা। সিনেমাটির নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। এক বাঙালি মায়ের জীবনকে কেন্দ্র করে এর গল্প। সিনেমাটি জি স্টুডিওস এবং এ্যামি এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে। জন্মদিনেই এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমার নাম ঘোষণার মাধ্যমে নিজের জন্মদিন উদযাপনের চেয়ে ভালো উপায় আর হতে পারে না। সিনেমা ক্যারিয়ারে প্রায় ২৫ বছর পার করেছি। আমি নিশ্চিত আসন্ন চলচ্চিত্রটি আমার দীর্ঘ এই ফিল্ম ক্যারিয়ারের বিশেষ মাইলফলক স্পর্শ করবে। রানী আরও বলেন, ‘মূলত ছবিটির গল্প নারীকেন্দ্রিক এবং একজন মায়ের। এ জন্যই চিত্রনাট্যটি আমার এত মন ছুঁয়েছে।’ মাত্র ১৪ বছর বয়সে বাংলা চলচ্চিত্র ‘বিয়ের ফুল’ (১৯৯২)-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রানী মুখার্জির। ১৯৯৬ সালে ‘রাজা কী আয়েগি বারাত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর পড়াশোনার জন্য অভিনয় থেকে খানিক বিরতি নেন তিনি। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে করণ জোহর পরিচালিত প্রথম ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন। এই ছবির জন্য সেরা পাশর্^ অভিনেত্রীর ক্যাটাগরিতে ফিল্মফেয়ার জিতে নেন রানী। মোট সাতটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ এ পর্যন্ত অসংখ্য পুরস্কার পেয়েছেন এই তারকা। রানী অভিনীত ‘হার দিল জো পেয়ার কারেগা, ‘সাথিয়া’, ‘চালতে চালতে’, ‘যুবা’, ‘হাম তুম’, ‘ভীর জারা’, ‘ব্ল্যাক’, ‘বান্টি অর বাবলি’, ‘সাওয়ারিয়া’, ‘তালাশ’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘লাগা চুনারি মে দাগ’, ‘কাভি আলবিদা না কেহ না’, ‘মার্দানি’, ‘মার্দানি-২’সহ অনেক সিনেমা দারুণ জনপ্রিয়তা পায়।