মন্ত্রী-এমপিরা বাজারকে অস্থিতিশীল করতে ইন্ধন দিচ্ছে: ডা. শাহাদাত

সরকারি উদাসীনতার কারণে করোনাকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

সোমবার বিকেলে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয় মাঠে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনা ভাইরাস সংক্রমনের এই ক্রান্তিকালে মানুষের নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, মুরগিসহ খাদ্য সামগ্রীর দাম সীমাহীনভাবে বেড়ে গেছে। মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারি উদাসীনতার কারণে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে একটা ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় সাধারণ মানুষ এখন দিশেহারা হয়ে পড়ছে।

তিনি বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা তাদের ব্যবসায়িক স্বার্থে বাজারকে অস্থিতিশীল করার পেছনে ইন্ধন দিচ্ছে। তাই দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। এক ভয়ংকর অনিশ্চয়তা ঘিরে ফেলেছে জনজীবনকে। মানুষ এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। কিন্তু করোনা ভাইরাসের মতো এত বড় মহামারির মধ্যেও ক্ষমতাসীনরা সারা দেশে সাজ-সজ্জার নামে হাজার কোটি টাকা অপচয় করছে।

তিনি বলেন, করোনা এখন আবারও ভয়ংকর রূপ নিচ্ছে। টিকা দেওয়ার পরও মানুষ আক্রান্ত হচ্ছে। সময়মতো কার্যকর পদক্ষেপ না নেয়ার মাশুল হিসাবে করোনার দ্বিতীয় ধাপ অতিক্রম করছি আমরা। সামনে সর্বোচ্চ সতর্ক না হলে সেটা আর সামাল দেয়া যাবে না। অকল্পনীয় পরিণতি বরণ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় না রাখলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদিন জিয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, মো. কামরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ বক্তব্য রাখেন।