অবকাঠামো উন্নয়ন খাতে দেশের অন্যতম কোম্পানি ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) পুঁজিবাজারে আসছে। এনডিই প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন বাড়াতে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে সম্প্রতি চুক্তি সম্পাদন করেছে। আইডিএলসি এই আইপিওর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।
চার দশকেরও বেশি সময় ধরে দেশের অবকাঠামোগত নির্মাণ শিল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এনডিইর। সংস্থাটি মূলত বিদ্যুৎকেন্দ্র, শিল্প ভবন ও অবকাঠামো, বিমানবন্দর টার্মিনাল, সড়ক ও সেতু ইত্যাদি নির্মাণে নিযুক্ত রয়েছে। এনডিই প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫০০টিরও বেশি প্রকল্প শেষ করেছে।
এনডিইর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান মুস্তাফিজ এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে এনডিইর চেয়ারম্যান ইমরান মুস্তাফিজ, আইডিএলসি ইনভেস্টমেন্টসের চিফ অপারেটিং অফিসার রুবায়েত-ই-ফেরদৌস এবং এনডিই ও আইডিএলসির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পায়রা ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, সোহরাওয়ার্দী উদ্যানে গ্লাস টাওয়ার, ঢাকাস্থ জার্মান অ্যাম্বেসি ভবন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবন, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, শাহজালাল এয়ারপোর্টের জেনারেল অ্যাভিয়েশন হ্যাঙ্গার, এফবিসিসিআই ভবন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবন, গুলশানস্থ ন্যাম ভিলাসহ দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। নদী খনন, রেডিমিক্স, ইস্পাত অবকাঠামো নির্মাণ, তথ্যপ্রযুক্তি ও ফ্যাশন ব্র্যান্ডের পাঁচটি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে এনডিইর।