শিল্পকারখানায় ব্যবহারের জন্য লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খালি সিলিন্ডার এক বছরের জন্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
জ্বালানি খাতকে সুবিধা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়, শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহারের জন্য এসব খালি সিলিন্ডার বাকিতে আমদানি করতে পারবে।
বিদেশি মুদ্রায় লেনদেন নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠানগুলো মূলধনী যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ এক বছর পর্যন্ত বাকিতে আমদানির সুযোগ পায়। ওই ধারার বিধান অনুযায়ী খালি সিলিন্ডারের ক্ষেত্রেও বাকিতে আমদানির সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, শিল্পকারখানাগুলোর জ্বালানি গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশি মুদ্রায় লেনদেন নিয়ন্ত্রণ নীতিমালার এ-সংক্রান্ত অন্যান্য নির্দেশনা বহাল থাকবে বলে উল্লেখ করা হয় সার্কুলারে।