অধস্তন আদালত

১০ দিনের মধ্যে মামলার পরিসংখ্যান চায় সুপ্রিম কোর্ট

দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন মোট মামলার সংখ্যার বিবরণী চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ১০ দিনের মধ্যে ছক অনুযায়ী মামলার পূর্ণাঙ্গ বিবরণী সুপ্রিম কোর্টে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অধস্তন আদালতের মামলার পরিসংখ্যান ও তথ্য সংবলিত জুডিশিয়াল ড্যাশবোর্ড প্রস্তুত করা হয়েছে। এর  কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে। এমতাবস্থায় আদালত/ট্রাইব্যুনালে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়েরকৃত ও নিষ্পত্তিকৃত মামলার সংখ্যার বিবরণী এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারাধীন মোট মামলার একটি পূর্ণাঙ্গ বিবরণী ১০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো। প্রসঙ্গত, একই দিন পৃথক একটি বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতে মামলার জট কমাতে দেওয়ানি আদালত ও অর্থঋণ আদালতে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিধান যথাযথভাবে প্রতিপালনে নির্দেশনা দেয় সুপ্রিম কোর্ট।