নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘তার নিজস্ব প্ল্যাটফর্ম দিয়ে’ শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা জ্যাসন মিলার। তিনি বলেন, ‘আগামী দুই বা তিন মাসের মধ্যেই আমরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরতে দেখব বলে আমি মনে করি।’

বিবিসিকে মিলার বলেন, ‘ট্রাম্প যে প্ল্যাটফর্মে ফিরবেন তা হবে সামাজিক যোগাযোগমাধ্যমের “হটেস্ট টিকিট” এবং তা “খেলাটাই সম্পূর্ণ বদলে দেবে”।’

গত জানুয়ারিতে ক্যাপিটলে হামলার জেরে ফেইসবুক ও টুইটারে তাকে নিষিদ্ধ করা হয়। ফেইসবুক ও টুইটার কর্র্তৃপক্ষ সে সময় জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের মাধ্যমে সহিংসতা উসকে দেওয়া হচ্ছে বলে ব্যবহারকারীরা অভিযোগ করছেন। এ কারণে তারা এ ব্যবস্থা নিয়েছে।

৬ জানুয়ারি ক্যাপিটলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। এরপর স্থায়ীভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। টুইটার কর্র্তৃপক্ষ জানায়, পরবর্তী সময়ে আরও সহিংসতায় উসকানির আশঙ্কায় ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন ট্রাম্প। এ অবস্থায় আবারও তার ফিরে আসার ঘোষণা দিলেন তার উপদেষ্টা। তবে ট্রাম্প কোন প্ল্যাটফর্মে ফিরবেন তা নিশ্চিত করে বলেননি মিলার।

তিনি বলেন, ‘সবাই অপেক্ষায় আছেন ট্রাম্প আসলে কী করছেন তা দেখার জন্য। ট্রাম্প ইতিমধ্যে ফ্লোরিডায় তার মার-এ-লাগো রিসোর্টে বিভিন্ন পক্ষের সঙ্গে “উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈঠক” করেছেন।’

মিলার বলেন, ‘ইতিমধ্যে বিভিন্ন কোম্পানি ট্রাম্পের কাছে এসেছে। এই নতুন প্ল্যাটফর্ম হতে হাচ্ছে বৃহৎ, যার মধ্য দিয়ে তিনি কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করবেন।’