শেরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদীর সীমান্তে ভারতীয় রুপিসহ মোহাম্মদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সোমবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তের পিলার ১০৯৮/৩ এস হতে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব খাড়ামোড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক উপজেলার রাঙ্গাজান গ্রামের মফিজল হকের ছেলে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার মোহাম্মদ আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প হতে একটি টহলদল ১০৯৮/৩ এস পিলার কাছে ফাঁদ পেতে বসে থাকে।

এ সময় মোহাম্মদ আলীসহ আরও একজন ভারতীয় সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবি’র টহলদল ধাওয়া দিয়ে মোহাম্মদ আলীকে আটক করলে অন্যজন পালিয়ে যায়। পরে মোহাম্মদ আলীর দেহ তল্লাশি করে তার কোমরে গামছার ভেতরে ভারতীয় ৪০ হাজার রুপিসহ তাকে আটক করে।

এ ঘটনায় বিজিবি তাওয়াকুচা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে ২২ মার্চ রাতে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) ইনকান্দার হাবিবুর রহমান বলেন, মোহাম্মদ আলীসহ জব্দকৃত ভারতীয় রুপি নিয়ে শ্রীবরদী থানায় এসে মামলা দায়ের করেছে বিজিবি। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।