রামগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটাক্ষ করায় যুবক গ্রেপ্তার

ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে কটাক্ষ করে ফেসবুকে আপত্তির পোস্ট করার অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা-পুলিশ মৃত্যুঞ্জয় মজুমদার জয় (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

সোমবার গভীর রাতে উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রামগঞ্জ থানা-পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মৃত্যুঞ্জয় মজুমদার জয় রাঘবপুর ধোয়া বাড়ির রমেষ চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল সোমবার বিকেলে রাঘবপুর গ্রামের রমেষ চন্দ্র দাসের ছেলে মৃত্যুঞ্জয় মজুমদার জয় ইসলাম ধর্ম ও মুসলমানদের কটাক্ষ করে তার ফেসবুক আইডিতে আপত্তিকর ও অশালীন স্ট্যাটাস দেন।

এ ঘটনায় এলাকার বেশ কিছু লোক তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে জয় ও তার বন্ধুরা এলাকাবাসীকে হুমকি দিলে এলাকার লোকজন উত্তেজিত হয়ে তাদের ধাওয়া দিলে জয় ও তার বন্ধুরা আত্মগোপনে চলে যায়।

রাতে এলাকার লোকজন একত্রিত হলে রামগঞ্জ থানা-পুলিশের এসআই মহসিন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় পুলিশ মঙ্গলবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে মৃত্যুঞ্জয় মজুমদার জয়কে নিজ বাড়ি থেকে আটক করায় তার বন্ধুরা আত্মগোপনে চলে যায়।

আজ সকালে এ ব্যাপারে রামগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে জানান রামগঞ্জ থানার এসআই মহসিন চৌধুরী।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বলেন, এটা দুঃখজনক ঘটনা। আমরা মৃত্যুঞ্জয় মজুমদার জয় নামের ওই যুবককে গ্রেপ্তার করেছি। মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জানান, রামগঞ্জ উপজেলায় এ ধরনের ঘটনা অতীতে ঘটেনি। স্বাধীনতার মাসে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা অস্থিতিশীল পরিস্থিতি ঘটনার অপচেষ্টা। এ ধরনের বিষয়কে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। ধর্মীয় বিষয় নিয়ে ফেসবুকে বা কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্টকারীদের বিরুদ্ধে সরকার কঠোর রয়েছে।