দেশীয় পোশাক কোম্পানি শাশা গার্মেন্টস লিমিটেড ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। ইপিজেডে এটি হবে তাদের চতুর্থ শিল্পপ্রতিষ্ঠান। এ লক্ষ্যে গতকাল ঢাকায় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামের উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স শাশা গার্মেন্টস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান এবং শাশা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রতিষ্ঠানটি বার্ষিক ৬৭ লাখ ৫০ হাজার পিস বিভিন্ন ক্যাটাগরির প্যান্ট ও জ্যাকেট উৎপাদন করবে। কারখানাটিতে ২ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিস) মো. খুরশিদ আলম উপস্থিত ছিলেন।