সংক্রমণ বাড়ায় ব্যাংকে স্বাস্থ্যবিধি পালনের নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ায় ব্যাংকের কর্মীদের মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে আরেক দফা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলারপত্র জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীকে পাঠায়।

এতে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বিগত মাসের তুলনায় কিছুটা বেড়েছে। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উদ্বেগ জানানো হয়েছে। এ পরিস্থিতিতে সংক্রমণের হার রোধ করতে ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যকীয়ভাবে মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং লেনদেন করার জন্য ইতিপূর্বে কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা সব নির্দেশনা পরিপালন করতে বলা হয়। তাছাড়া শাখা ও আঞ্চলিক পর্যায়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি ব্যাংকের কর্মী থেকে শুরু করে গ্রাহক পর্যায়ে মেনে চলা হচ্ছে কিনা তা তদারকি নিশ্চিত করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

করোনা মহামারী দেখা দেওয়ার পরপর গত বছরের ২২ মার্চ ব্যাংকগুলোকে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন করার জন্য নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর গত ১৮ আগস্ট ওই নির্দেশনায় আরও কিছু বিষয় যোগ করে সার্কুলারপত্র জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই নির্দেশনা অনুযায়ী, কভিড আক্রন্ত ও সন্তান সম্ভবা নারী কর্মীকে ব্যাংকে আসা থেকে বিরত রাখতে বলা হয়।