ছোট পর্দার নতুন প্রজন্মের অন্যতম ব্যস্ত অভিনেত্রী সারিকা সাবাহ। ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর ঝুমুর চরিত্রটি তাকে আলাদা পরিচিতি দিয়েছে। এখন ঈদের নাটক নিয়ে ব্যস্ত। এসব নিয়ে কথা বলেছেন তিনি
ব্যস্ততা...
নিয়মিত কাজের পাশাপাশি ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ততা বেশি। এরই মধ্যে বেশকিছু নাটকের কাজ শেষ করেছি। হাতে আরও বেশকিছু নাটকের কাজ রয়েছে। জনপ্রিয় দুই নির্মাতা ইমরাউল রাফাত ও মোস্তফা কামাল রাজের পরিচালনায় কয়েকটি নাটকে অভিনয় করলাম। তবে কোনটা কোন মাধ্যমে প্রচার হবে সেটা এখনো ঠিক হয়নি।
ওটিটি...
টিভি বা ইউটিউবের বাইরে নতুন মাধ্যম ওটিটির জন্যও একটি টেলিফিল্মে অভিনয় করেছি। নতুন এ মাধ্যমটি নিয়ে শুরু থেকেই নানা নেতিবাচক সমালোচনা ছিল। তবে এখন সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে। নিজের কথা বলতে পারি। আমি ওটিটিতে যতগুলো কাজ দেখেছি সেগুলোতে জোর করে অশ্লীল কোনো দৃশ্য বা সংলাপ যোগ করা হয়েছে, এমনটা মনে হয়নি। গল্পের প্রয়োজনে যেকোনো দৃশ্য থাকতেই পারে। অপ্রয়োজনে যুক্ত করলে সেটাকে সবাই খারাপ বলবে। আমাদের পাশের দেশ বা অন্যান্য দেশের ওয়েব সিরিজ, এমনকি নেটফ্লিক্সেও কিন্তু আমরা এমন দৃশ্য বা সংলাপ হরহামেশাই দেখতে পাই। সেটা কিন্তু তারা গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই করেন। সেদিক থেকে বলব আমাদেরও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তবে অবশ্যই তা অতিরিক্ত কোনো কিছু যুক্ত না করে।
চরিত্র নির্মাণ...
আমার একটি চরিত্র থেকে আরেকটি চরিত্রে ঢুকতে একটু সময় লাগে। সেভাবে কোনো অনুশীলন বা প্রশিক্ষণ ছাড়া অভিনয়ে এসেছি বলেই এমন হয়। মঞ্চ নাটকে কাজ করলে চরিত্র নির্মাণ সহজ হয়। তার মানে এই নয় যে মঞ্চ থেকে এলে তারা টিভিতেও ভালো অভিনয় করবে। অনেক সহশিল্পীকে দেখেছি যারা খুব ভালো অভিনয় করছে কিন্তু লাইট ক্যামেরার অ্যাঙ্গেল বোঝে না। তখন অভিনয়টা টিভিতে ভালো হয় না। আমি এগুলো শিখেছি নাটকে কাজ করতে করতে।
বড় পর্দায়...
ক্যারিয়ারের শুরুতে টিভিসি বা মিউজিক ভিডিওতে কাজ করেছি। তখন মন ভরত না। ভাবতাম কবে বড় চরিত্রে অভিনয় করতে পারব। নাটক করে সেই আকাক্সক্ষা পূরণ হচ্ছে। এখন স্বপ্ন দেখি বড় পর্দায় কাজের। তবে আমার যে অভিনয়ের ধরন তাতে নিজেকে বাণিজ্যিক সিনেমায় ভাবতে পারি না। ভালো গল্পের কোনো চরিত্র পেলে সিনেমা করব। এজন্য অভিনয়ে আরও পারদর্শী হওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। তাই কয়েকটি সিনেমার স্ক্রিপ্ট পেলেও রাজি হইনি। নিজেকে যখন বড় পর্দার জন্য ফিট মনে করব, তখনই কাজ করব। এখন ছোট পর্দা নিয়েই খুশি।