জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি ও ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। গতকাল মঙ্গলবার তারা ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাদের অভ্যর্থনা জানান। বিদ্যা দেবী ভাণ্ডারির মেয়ে ঊষা কিরণ ভাণ্ডারিও সেখানে ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে দুদিনের সফরে গত সোমবার ঢাকায় পৌঁছান নেপালের প্রেসিডেন্ট। সফরের প্রথম দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে তিনি সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে তার বৈঠক হয়। পরে দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে চারটি এমওইউ স্বাক্ষরিত হয়। বঙ্গভবনে তার সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নেন বিদ্যা ভাণ্ডারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল দুপুরে ঢাকায় নেপাল দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিকেলে ঢাকা ছেড়েছেন বিদ্যা দেবী ভাণ্ডারি।
এর আগে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরিংয়ের সম্মানে গার্ড অব অনারও দেওয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যান। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শক বইয়ে সই এবং একটি গাছ রোপণ করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় ডা. শেরিংয়ের সম্মানে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের ১০ দিনের অনুষ্ঠানের অষ্টম দিনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী।